চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার করা মামলায় তার শাশুড়ি লতিফা হক রিও ওরফে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা মডেল তার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয় সালমান শাহ হত্যা মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক। আসামির বিদেশ গমনরোধে ‘স্টপ লিস্ট’ এ আসামির নাম অন্তর্ভুক্ত করতে আদালতে বিশেষ অনুমতি প্রয়োজন।
গত ২৭ অক্টোবর সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন একই আদালত।
গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত সালমান শাহ’র মায়ের করা রিভিশন মঞ্জুর করে অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজাহার গ্রহণের আদেশ দেন। ওইদিনই সালমান শাহ’র মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম এই মামলাটি দায়ের করেন। পরদিন আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় আসামি করা হয় সালমান শাহ’র সাবেক স্ত্রী সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাবেদ, ফারুক, রুবীম আ. ছাত্তার, সাজু, রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
আরো পড়ুন : নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিতে মাহফুজ ও আসিফ, পদত্যাগ সম্ভাব্য ডিসেম্বরের শুরুতে
