গণভোট হলে নির্বাচনের দিন, অন্যথায় নয় : মির্জা ফখরুল

অর্থনীতি জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। সংসদ নির্বাচনে ঢাকা জেলার বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের শোডাউনে র‌্যালিটি নির্বাচনী র‌্যালিতে পরিণত হয়। প্রার্থী ও নেতাকর্মীদের হাতে হাতে ছিল ধানের শীষ। র‌্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য আমাদের অন্তর্বর্তী সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো, যে গণভোটের জন্য চাপ দিচ্ছে- আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই যে, তারাও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এদিকে দিবসটি উপলক্ষে সারা দেশে জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি করেছে বিএনপি।

গতকাল সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি’র উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষ হওয়ার পরে র‌্যালিটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে বিকাল চারটায় শুরু হয়। র‌্যালিটি শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের মোড়ে গিয়ে শেষ হয়। একটি খোলা ট্রাকে চড়ে র‌্যালিতে অংশ নেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

বিএনপি’র অবস্থান স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ৭ই নভেম্বরের চেতনা গণতন্ত্রের চেতনা, আমাদের বিএনপি’র জন্ম হয়েছে সংস্কারের মধ্যদিয়ে। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম; তিনি সংস্কারের সূচনা করেছেন আর আজকে তারেক রহমান নতুন সংস্কারের ৩১ দফা দিয়ে জাতিকে সামনে রেখে এগিয়ে দেয়ার একটা ম্যাগনাকাটা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাবো, আমরা এই নির্বাচনে অংশ নেবো। ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং কয়েকটি দলের দাবির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আমরা যে বিষয়গুলোতে একটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে, আমরা আমাদের যেগুলো আপত্তি থাকবে অর্থাৎ যেগুলো নোট অফ ডিসেন্ট থাকবে- সেখানে তা লিপিবদ্ধ থাকবে। সেটা সেখানে রাখা হয়নি। আমরা সেটা গ্রহণ করেনি, আমরা প্রেস কনফারেন্স করে বলেছি।

তিনি বলেন, পরবর্তীকালে আমরা দেখলাম হঠাৎ করে উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন, তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে, ৭ দিন সময় দেয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে এতদিন ধরেই, ৭ মাস ধরে যে জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য ঐকমত্য কমিশন বসলেন, সমস্ত সংস্কারের প্রস্তাবে আলাপ-আলোচনা করলেন, তাহলে সেটা কীভাবে হলো? অসংখ্য টাকা খরচ করে আপনারা যেটা করলেন, সেটা রাজনৈতিক দলগুলোর কোনো সমাধান হয়নি। ফখরুল ইসলাম বলেন, আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা দলকে নিয়ে একটা জোট বানিয়েছে, তারা চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে, নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে, আমরা গণভোট মানছি, কিন্তু সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দু’টো, ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। তাছাড়া মূল যে নির্বাচন জাতীয় নির্বাচন, সেটা ক্ষুণ্ন হয়ে যাবে। বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

র‌্যালিকে কেন্দ্র করে বেলা ২টা থেকে নয়াপল্টন বিএনপি’র কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে দেখা গেছে। ওদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকায় মনোনীত সম্ভাব্য প্রার্থীরা মিছিলসহ ধানের শীষ নিয়ে র‍্যালিতে শোডাউন দিতে দেখা গেছে। এ ছাড়া ট্রাক সহকারে ঢাকা মহানগর বিএনপি’র নেতাকর্মীরা অংশ নেন।

অন্যদিকে খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন নেতাকর্মীরা। দেখা গেছে, একটি খাঁচার ভেতরে বন্দি রয়েছেন প্রতীকী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখে দু’টি রাক্ষস দাঁত লাগানো হয়েছে। খাঁচায় লেখা আছে, ‘আমি ভোট চোর, আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই।’ এভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাঁচার ভেতরে রেখে প্রদর্শন করেন বিএনপি’র নেতাকর্মীরা। এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি প্রতীকী খাঁচাও প্রদর্শন করা হয়। এর ভেতরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলকের ডামি খাঁচার ভেতরে রেখে প্রদর্শন করা হয়। র‍্যালিকে ঘিরে নয়াপল্টন এবং এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ওদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।

এসময় সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, গণ-অভ্যুত্থানের পর আজকে বাংলাদেশে বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চলছে, একটা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবারো ধ্বংস করার জন্য। সেই মুহূর্তে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সমৃদ্ধি দিবস-আমাদেরকে সেই পথেই যেতে হবে। যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো- সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণভোট প্রশ্নে বিএনপি’র সঙ্গে আলোচনার যে প্রস্তাব বিএনপিকে দিয়েছেÑসে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত খুব পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ওটাই আমাদের বক্তব্য।
বিএনপি’র পুষ্পস্তবক অর্পণের পরে মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ড্যাব, এ্যাব, ছাত্র দল, তাঁতী দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরো পড়ুন : অবশেষে দোষ স্বীকার করলেন শেখ হাসিনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *