স্টাফ রিপোর্টার : এখনও ডেঙ্গুর প্রকোপ চলছে দেশে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৬২ জন । চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুরে ৩ জন, সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৯৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৪৯২ জন।
গত ১লা জানুয়ারি থেকে ২২শে অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৬২ হাজার ৩৬৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।
