জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার

জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অপপ্রচার পরিকল্পিত চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। রোববার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘তারেক রহমান: দ্যা হোপ অব বাংলাদেশ’ সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। গ্রন্থটি সম্পাদনা করেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

বিএনপি মহাসচিব বলেন, আজকে যে প্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া। সেই চক্রান্ত হচ্ছে যে,যিনি নেতা উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে দেয়া, তাকে খারাপ জায়গায় ফেলে দেয়ার চেষ্টা করা।

তিনি বলেন, তারেক সাহেবের কাছে এই নেতৃত্বটা এসেছে অনেক দিক দিয়ে। পারিবারিক দিক দিয়ে যে কথাটা আপনারা অনেকে বলেছেন, যদিও এই কথাটা শুনতে আমার ভালো লাগে না। কারণ যিনি নেতা, আমার মনে হয় তাকে এতে কিছুটা খাটো করা হয়- তার যে নিজস্ব গুণ-সত্ত্বাগুলো আছে, সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে আমরা বোধহয় সেটাকে ছোট করে দেই। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন। না হলে আসতে পারতেন না।

মির্জা ফখরুল বলেন, আপনাদেরকে এই কথাগুলো কেনো বলছি? আমার অভিজ্ঞতা, আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি একসঙ্গে, তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পরে উনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি যে, অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে। এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে, অসাধারণ। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন এবং অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছেন, সেকারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন।

তিনি বলেন, বিএনপির যে একটা বিশাল যুব সমাজ আছে, ছাত্র, যুবক শক্তি আছে- এটাকে সংগঠিত করতে হবে। বিএনপির রাজনীতিটা তাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে, এটা আমাদেরকেই করতে হবে। এই কথাটা এজন্য বলছি যে, আমরা গত সময়গুলোতে শুধু লড়াই করেছি। কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি। আজ তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সেই কথাগুলো হয়ত শুনতে হতো না আমাদের।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহের সভাপতিত্বে ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন্থসহ বিএনপির মতাদর্শের অনলাইন এ্যাক্টিভিস্ট ও ব্লগাররা বক্তব্য রাখেন।

আরো পড়ুন : গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জরুরি সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *