দুর্নীতি, জালিয়াতি ও অপরাধপ্রবণতায় জড়িত খেলাপি ঋণের বড় অংশ

অনুসন্ধানী অর্থনীতি তথ্য-প্রযুক্তি দুর্নীতি প্রচ্ছদ ব্যাংক মুক্তমত

ব্যাংক খাতে বিতরণ করা ঋণের এক-তৃতীয়াংশই খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণের আদায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মোট খেলাপি ঋণের মাত্র ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে সৃষ্ট। বাকি খেলাপি ঋণের পেছনে দুর্নীতি, নানা ধরনের জালিয়াতি ও অপরাধপ্রবণতা জড়িত রয়েছে। খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোতে প্রভিশন ও মূলধন ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এ কারণে ব্যাংকগুলো সংকটে পড়েছে। খেলাপিদের দায় শোধ করতে হচ্ছে আমানতকারী, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলোকে।

শনিবার রাজধানীতে নলেজ হাব ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি ও নীতি পর্যালোচনা জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক এক সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের গবেষণা সহকারী নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষণা পরিচালক ড. শাহ মো. আহসান হাবিবসহ প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদনে ব্যাংক খাতের সংকট মোকাবিলায় ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। যেসব ব্যাংক এসব ব্যবস্থার মাধ্যমে নিজেদের পুনরুদ্ধার করতে পারবে না, সেগুলো অবসায়নের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতে বিতরণ করা ঋণের মধ্যে নগদ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের ওপর জোর দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোতে এখন প্রভিশন ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। মূলধন পরিস্থিতি ইতিবাচক পর্যায় থেকে ঋণাত্মক পর্যায়ে চলে গেছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর সার্বিক মূলধন পরিস্থিতি ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। অথচ স্থিতিশীলতার জন্য কমপক্ষে ১০ শতাংশ মূলধন রাখার কথা ছিল। চাহিদার তুলনায় প্রভিশন ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। ব্যাংকগুলোর মাত্র ৪৪ দশমিক ৮০ শতাংশ ঋণের বিপরীতে প্রভিশন রয়েছে।

বাকি ৫৩ শতাংশের বেশি ঋণের বিপরীতে প্রভিশন নেই। ফলে ব্যাংকগুলোর ঋণের বিপরীতে ঝুঁকি বেড়েছে। এ খাতে ঝুঁকির কারণে মূলধন ঘাটতি ঋণাত্মক হয়ে পড়েছে। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে আছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ, যা এ খাতে বিতরণ করা মোট ঋণের এক-তৃতীয়াংশ। ব্যাংক খাতে খেলাপি ঋণের এই উচ্চ হার স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। ব্যাংক খাতের প্রভিশন ও মূলধন পরিস্থিতিও উদ্বেগজনক।

খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণ হিসেবে চিহ্নিত। মন্দ ঋণের টাকা আদায় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমন ঋণের হার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ।

অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। মার্চের মধ্যেই অতি দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নেওয়া জরুরি। কেননা, দেশের অর্থনীতিতে টাকার জোগান দেওয়ার জন্য ব্যাংকই একমাত্র ভরসা। অর্থাৎ দেশে ব্যাংকনির্ভর আর্থিক ব্যবস্থা গড়ে উঠেছে।

ব্যাংক দুর্বল থাকলে এবং অর্থনীতির চাহিদা অনুযায়ী টাকার জোগান দিতে না পারলে অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। ব্যাংক খাতে কোনো সংকট দেখা দিলে বর্তমান মূলধন দিয়ে তা মোকাবিলা করা সম্ভব নয়।

গবেষণা পরিচালক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক ও উদ্বেগজনক। এর সঙ্গে সামগ্রিক মূলধন ঋণাত্মক হয়ে পড়েছে। ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে যে মূলধন প্রয়োজন, সেখানেও ঘাটতি দেখা দিয়েছে। খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে সৃষ্ট হতে পারে।

বাকি ঋণের বড় অংশের পেছনে পরিচালনাগত ঝুঁকি, অনিয়ম, জালিয়াতি ও অপরাধের ঘটনা জড়িত রয়েছে। এসব অপরাধ ব্যাংকের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, খেলাপি ঋণের একটি বড় অংশই ইচ্ছাকৃত খেলাপিদের দ্বারা সৃষ্ট। এসব ঋণের দায় বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলোকে। সার্বিকভাবে দেশের পুরো অর্থনীতিকে ইচ্ছাকৃত খেলাপিদের দায় বহন করতে হচ্ছে।

আরো পড়ুন : তুই আমার বাপ, আমাকে প্রাণে বাঁচতে দে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *