নাটোর-পাবনা মহাসড়কে বয়াবহ বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ৬ জনের পরিচয় মিলেছে। তারা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরআদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ারুল হক (৩০), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের মরহুম শহীদুল ইসলামের মেয়ে তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহরউদ্দিনের ছেলে জুয়েল (৪০), একই উপজেলার ডুবি সাহাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ (৩০) এবং জাহান উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা (৪৬)। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় বনপাড়ার বিভিন্ন ক্লিনিক এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’এদিকে দুর্ঘটনার কারণ নির্ণয় ও তদন্ত করতে এডিএম আবুল হায়াতকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আরো পড়ুন : ২০ অক্টোবর অখিল বন্ধু’র জন্ম আর প্অলি আহাদ’র মৃত্যুদিন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা
