নৌকা বাতিল করে নির্বাচন কমিশনের তফসিলে শাপলা অন্তর্ভুক্ত চায় এনসিপি

আইন-আদালত জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে শাপলা প্রতীককে তফসিলভুক্ত করে তাদের বরাদ্দ দেয়ার আবেদন জানিয়েছে নিবন্ধনপ্রত্যাশী দলটি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি তুলে ধরে এনসিপি’র প্রতিনিধিদল। পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে প্রতিনিধিদলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব এডভোকেট জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। অন্যদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক ব্রিফিংয়ে এডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসি’র নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি। তিনি বলেন, জাতীয় প্রতীক হচ্ছে ভাসমান শাপলা, ধানের শীষ, তারা, পাটপাতা। চারটি উপাদানের মধ্যে ধানের শীষ এখন বিএনপি’র প্রতীক। তারকা একটি ও সোনালী আঁশ আরেকটি দলের প্রতীক। জাতীয় ফল কাঁঠালও একটি দলের রয়েছে। জাতীয় প্রতীক আসলে শাপলা নয়, এটাকে মিসব্র্যান্ডিং করা হচ্ছে। জাতীয় প্রতীক চারটি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে একটি চিহ্ন। রং, ব্যাসার্ধ সবই বিধিতে আছে। জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা এনসিপি’র পক্ষ থেকে নতুন দরখাস্ত দিয়েছি। শাপলাকে তালিকাভুক্ত না করার বিষয়ে ইসি ভুল ব্যাখ্যার উপরে দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে রাখার বিষয়ে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেন, শাপলাকে তালিকাভুক্ত করার পাশাপাশি এনসিপি নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে তখন যেন শাপলা প্রতীক বরাদ্দ পায়। কমিশন সাধারণত দরখাস্ত গ্রহণ করে তা বিবেচনা করে থাকে। তিনি বলেন, ইসি যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠায়, এরপরে প্রথম দল হিসেবে আমরা শাপলা চেয়ে আবেদন করি। এখন আমাদের অধিকার আগে, শাপলা আমরা পাবো আশা করি।

মুসা বলেন, যে প্রক্রিয়ায় ইসি গঠন হয়েছিল তা আমরা সমর্থন করিনি। এখনো বর্তমান আছে। ঐকমত্য কমিশনের আলোচনায় ইসিসহ সাংবিধানিক প্রতিষ্ঠান যাতে স্বচ্ছ হয়, এ নিয়েও প্রস্তাব রয়েছে। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। এটা স্ট্রেট ফরোয়ার্ড। আগের আইনটা পরিবর্তন করতে হবে। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী ইসিসহ সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ভালো কাজের পরিচয় দিয়েছে তাদের রাখা যেতে পারে। অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করছে। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।

আরো পড়ুন : অ্যাকশন নজরদারিতে বিএনপি’র কেন্দ্রের সিনিয়র থেকে তৃণমূল নেতাকর্মীরা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *