ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী করতে গণভোটের রায় বাস্তবায়ন দরকার

আইন-আদালত জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

বিশেষ প্রতিবেদক : আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের (জাতীয় নির্বাচন ও গণভোট) মধ্য দিয়ে সবাই সংসদে এসেছেন। কিন্তু একটি নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হলেও আরেকটি হয়নি। মানে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। এখন ফ্যাসিবাদীদের আস্ফালনের এটি একটি কারণ। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যে ফাটলের কারণে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেছেন, যত তাড়াতাড়ি এটি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হবে।

জাতীয় নির্বাচনের আগে সবাই একসঙ্গে থাকার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের পরীক্ষার জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে।’

বিরোধীদলীয় নেতা বলেন, আগে ডানে-বামে, সামনে-পেছনে সবখানে ফ্যাসিবাদ ছিল। কিন্তু তারা টিকতে পারেনি। এখন এই ঐক্যের সামনে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, এটা তিনি বিশ্বাস করেন না।

বিরোধীদলীয় নেতা বলেন, এই ঐক্যের জায়গা ঠিক করা গেলে নাশকতা-অগ্নিসংযোগ—এই সবকিছুকে মোকাবিলা করে জাতি তার প্রত্যাশার বন্দরে পৌঁছাবে।

সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আধিপত্যের কালো ছায়া এখন আবার অনুভব করছি। আমি সরকারকে অনুরোধ করব—বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে আপনারা দাঁড়ালে পুরা জাতি আপনাদের সাথে দাঁড়াবে।’

আধিপত্যবাদ আবার ফিরে আসুক—বর্তমান প্রজন্ম তা মেনে নেবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

বর্তমান সংসদকে সম্পূর্ণ ভিন্নধর্মী, মজলুমের পক্ষের এবং ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী সংসদ হিসেবে বর্ণনা করেন বিরোধীদলীয় নেতা। আওয়ামী লীগ আমলের গুম-খুন-নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, কয়েক দিন ধরে সারা দেশে পলাতক ফ্যাসিস্টদের ব্যাপক নাশকতা দেখা যাচ্ছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ সংসদের মাধ্যমে জাতিকে জানানো হবে—এমন আশা ছিল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। কিন্তু সে বক্তব্যে সরকারের নীতি-কৌশল কী, তা স্পষ্ট হয়নি।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতি আতঙ্কগ্রস্ত, তা তিনি বলবেন না। কিন্তু কী হতে যাচ্ছে, সে বিষয়ে সুস্পষ্ট অবস্থান থাকতে হবে।

চলমান শ্রমিক অসন্তোষের বিষয়ও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, কোনো শ্রমিক তার কর্মস্থলকে ধ্বংস করার জন্য সেখানে সংযুক্ত হয় না। যদি শিল্প বাঁচে, শিল্পীও বাঁচবে। তিনি প্রশ্ন রাখেন, আন্দোলনে সিরামিক কারখানা, বিদ্যুৎ অফিস কেন হামলার শিকার হচ্ছে। এর পেছনে পরিষ্কার একটা তৃতীয় অপশক্তি কাজ করছে। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শ্রমিকদের বেতন ১২ হাজার টাকা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, শ্রমিক যারা আছে তারা তাদের জীবন চালাবে কীভাবে? একটা ঘর ভাড়া নিতে এই টাকা চলে যাবে। তিনি এ বিষয়ে স্বল্প ও মধ্যমেয়াদি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ব্যাপক দুর্নীতি এবং চাঁদাবাজির কথা সংসদ সদস্যরা তুলে ধরেছেন। কিন্তু কোনো দৃশ্যমান উন্নতি এখনো হয়নি। চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

‘অমুক এই দেশের দালাল, তমুক এই দেশের দালাল’—এমনটা বলা হয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা ইন্ডাস্ট্রিতে উন্নতি না করতে পারলেও দালাল ইন্ডাস্ট্রিতে আমরা বহু এগিয়েছি। যারা আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চায়, ওদের বলি যে তোমরা আগে দালাল ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করো।’

গঙ্গা চুক্তির মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, এ ব্যাপারে সরকার কী উদ্যোগ নিচ্ছে, তার কিছুই তাঁরা জানেন না। তিস্তা নিয়েও সমস্যা আছে। প্রধানমন্ত্রীর চীন সফর শেষে আশ্বস্ত হলেও এখন সবকিছু স্তিমিত হয়ে গেছে কি না, সে প্রশ্ন রাখেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আন্তরিক বন্ধু চাই। আমরা আমাদের উন্নয়ন-সহযোগী চাই। আন্তরিকভাবেই চাই। কিন্তু তাদের মর্যাদা এবং আমাদের মর্যাদা সমানতালে চলবে।’

আরো পড়ুন : বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে: রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *