বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ মুক্তমত লাইফ স্টাইল শিল্প প্রতিষ্ঠান হ্যালোআড্ডা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে সন্ধ্যার পর থেকে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ৯টার দিকে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা ৬টার পরে বোর্ডবাজার এলাকার কালাই মার্কেটের একটি কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে। পরে তারা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

তিনি আরও জানান, একটি ভবন ভাড়া নিয়ে জনৈক ব্যক্তি সাব কন্ট্রাকে শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে গিয়েছে, এমন খবরে ভবন মালিক কারখানায় তালা লাগিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, কারখানায় কর্মরত শ্রমিকদের কারো এক মাসের, কারো দুই মাসের বা কারো আরও বেশি দিনের বেতন বকেয়া রাখে। বিভিন্ন সময় তাদের পাওনা পরিশোধের আশ্বাস দিলেও মালিক তা না দিয়ে তালবাহানা শুরু করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী কমিশনার ফাহিম আহজাদ জানান, মঙ্গলবার বিকাল থেকে বোর্ডবাজার এলাকার একটি কারখানার শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবিতে কারখানা চত্বরে জড়ো হচ্ছিল। পরে সন্ধ্যায় ভবন মালিক কারখানায় তালা লাগিয়ে দেন। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল এবং পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনার বিষয়ে সমাধান করার আশ্বাস দেয়। এরপর মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিকের এডিসি অশোক কুমার পাল জানান, শ্রমিকরা পাওনার দাবিতে প্রথমে মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান নিয়ে অবরোধ করে। পরে যানবাহন উল্টোপথে ময়মনসিংহগামী লেনে চলতে গিয়ে উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও রাত ১০টার দিকে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। গাড়ির এই চাপ কমতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

আরো পড়ুন : ১১৫ বার পিছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিলের তারিখ, এবার ২ মার্চ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *