রাস্তা দেবে যাবার কারণে ধানমন্ডিতে বিকেল থেকে যান চলাচল বন্ধ

অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডিতে একটি সড়ক দেবে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক হয়ে আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের সড়কটি দেবে গর্ত হয়ে গেছে। তাঁদের ধারণা, সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে বিদ্যুতের কাজ করার সময় ঠিকভাবে মেরামত করেনি। এ জন্য হঠাৎ রাস্তা দেবে গেছে।

সিটি করপোরেশনের কর্মকর্তাদের ধারণা, যে জায়গায় গর্ত হয়ে গেছে সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে অনবরত পানি বের হচ্ছে। রাস্তা ঠিক করতে হলে পানির সংযোগ আগে মেরামত করতে হবে। এ জন্য ওয়াসার কর্মকর্তারাও সেখানে গেছেন।

ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় আজ রাত ১০টার দিকে মুঠোফোনে বলেন, সড়কের যে পাশে গর্ত হয়েছে সেই পাশ হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশ দিয়ে যান চলাচল করছে।

এটি মেরামত করতে কত সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে এই প্রকৌশলী বলেন, আগে ভেতরের পানির সংযোগ পথ ঠিক করতে হবে। এটি ঠিক করতে ওয়াসার লোকজন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। এরপর তাঁরা সড়ক মেরামত করবেন। সড়ক ঠিক করতে যেসব সামগ্রী লাগবে তার সবই তাঁরা সেখানে নিয়ে এসেছেন। যত দ্রুত সম্ভব তাঁরা সড়ক সচল করার চেষ্টা করছেন।

আরো পড়ুন : সুব্রত বাইন যেভাবে জড়ালেন অপরাধজগতে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *