দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। গত এক সপ্তাহের মধ্যে রাজধানীর মিরপুর ও চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা কি নিছক দুর্ঘটনা, নাকি নাশকতা-এ প্রশ্নে সকলে উদ্বিগ্ন হবার পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রশাসনিক অব্যবস্থাপনা, অবহেলা ও নিরাপত্তা ঘাটতির এক সুস্পষ্ট উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এই ঘটনায় যদি কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে, তবে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য বিমানবন্দরসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
জামায়াত আমির আতঙ্কগ্রস্ত যাত্রী ও সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং আমদানিকারকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ ঘটনায় আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় দেশকে সকল দুর্ঘটনা, বিপর্যয় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হেফাজত করুন। আমিন।
আরো পড়ুন : এক ধর্মীয় বক্তার বিরুদ্ধে অভিযোগের রেশ কাটতে না কাটতেই মুফতি কাসেমীর বিরুদ্ধে গা শিউরে উঠা অভিযোগ
