প্রতিনিধি গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে। এতে করে সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ হয়ে গেল।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার ও তাঁদের আট বছর বয়সী ছেলে আরাফাত হোসেন (৮)।
সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ বলেন, শিশু সন্তানসহ ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর বাজারের উড়ালসড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। উড়ালসড়কে দুর্ঘটনাটি ঘটায় কোন গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরো পড়ুন : ইসরায়েলের পার্লামেন্ট শপথ অনুষ্ঠানে নেতানিয়াহুর কষ্ট
