সিলেট প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। সিলেটের রাজনীতিতে আলোচনা আছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছেন। পুলিশের করা একটি মামলা থেকে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন। সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে। এ ঘটনায় গতকাল বুধবার গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
প্রশ্ন থেকে যায় কার্যক্রম নিষিদ্ধ এই দলটির এত বড় একজন নেতা রনজিত চন্দ্র সরকার এত দিন পালিয়ে থাকার পর তার নিজের এলাকায় কীভাবে এলেন এবং গোপনে সমাবেশ করলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। অথচ রনজিত চন্দ্র সরকারের অবস্থান এখন কোথায়, সে বিষয়ে সিলেট জেলা পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি। তবে মামলায় তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।
রনজিত চন্দ্র সরকার সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য হলেও মামলার তথ্য অনুযায়ী, তিনি সভা করেছেন সিলেটের গোয়াইনঘাটে। গোপন এই সভার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আর মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৭৫ জনকে আসামি করা হয়েছে। আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সিলেট ও সুনামগঞ্জের অঞ্চলের নেতা-কর্মী। এর মধ্যে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম বাদী হয়ে করা এই মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারকে পাঁচ নম্বর আসামি করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য আলী হোসেন ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়া।
এজাহারে বলা হয়েছে, গোয়াইনঘাটের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ৮ নভেম্বর গোপন সভা করেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে ওই সভা করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। পরে বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালায় এবং কিছু আলামত সংগ্রহ করে।
আরো পড়ুন : উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে অপেক্ষায় থাকা স্কুলছাত্রীর পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত
এজাহারের তথ্য অনুযায়ী, রিসোর্টে অভিযান চালিয়ে গোপন বৈঠকে অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্য ও সংগৃহীত আলামত বিশ্লেষণ করে গোপন সভার বিষয়ে বিস্তারিত জানতে পারে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই দুজনের তথ্য ও পুলিশের অনুসন্ধানের ভিত্তিতে অন্য আসামিদের নাম-পরিচয় শনাক্ত করা হয়।
এ ছাড়া রিসোর্ট থেকে সভার একটি ব্যানার, ৭টি খালি মদের বোতল, ৪০টি এয়ারগানের গুলির মতো ধাতব বস্তু জব্দ করা হয়। জব্দ করা ব্যানারে প্রধান অতিথি হিসেবে রনজিত সরকারের নাম লেখা আছে।
পুলিশের ভাষ্য, ৮ নভেম্বর রাত আটটায় ওই রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গোপন সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। সভায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় পরে মামলা করা হয়।
গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, উপজেলা কমিটির সহসভাপতি আমির উদ্দিন, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ, উপজেলা শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক শাহীন আহমদ, গোয়াইনঘাটের একটি ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আবদুল করিম, পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য ফারুক আহমদ, উপজেলা তাঁতী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি মস্তাক আহমদ।
যোগাযোগ করলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গোপন সভা করার ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রিসোর্ট থেকে গ্রেপ্তার হওয়া দুজনও আছেন। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার সভায় বক্তব্য দিয়েছেন। তিনিসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিসোর্টটিও আপাতত তালাবদ্ধ করে রাখা হয়েছে।
আরো পড়ুন : জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
