শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া ফতুল্লায়, সাভারে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, আহত ওসি সহ কয়েকজন

অর্থনীতি ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাঁদানেগ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি ধাওয়ায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একই দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিক্ষোভের একপর্যায়ে হেমায়েতপুর ও সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এসময় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। শ্রমিকদের হামলায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, সকালে পদ্মার মোড় এলাকায় একসাথে ৩০-৪০ হাজার শ্রমিক দুই পাশ থেকে জড়ো হয়ে পুলিশের উপর আক্রমনা হয়ে উঠলে পুলিশ প্রতিরোধ করে। এসময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীদের হামলায় ওসি গুরুতর আহত হন।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা হাজীগঞ্জ- পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তারা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকায় বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা জড়ো হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাঁদের বাধা দেয়। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কাঠেরপুল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে এসে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা যেকোন মূল্যে শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হবে না। দুপুর সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছিলেন।

এর আগে গত দুইদিন যাবত ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জাল কুড়ি এলাকায় সড়ক অবরোধ করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর সাড়ে বারোটায় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদী।

আরো পড়ুন : ৪ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *