কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি পুরুষ প্রচ্ছদ প্রবাস ভ্রমণ হ্যালোআড্ডা

প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিসহ ১৩১ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি।

সোমবার (১৪ জুলাই) বর্ডার কন্ট্রোল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকাসহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

কিছু পর্যটক এক মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত ছিল, যা তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে। এটি আন্তর্জাতিক অভিবাসন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেও জানানো হয়।

দেশটির দি-সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জুলাই বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে আন্তর্জাতিক আগমন হল এবং ডিপার্চার গেট সিওয়ান থেকে সি ৩৭ পর্যন্ত ৩০০ জনেরও বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়। যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ এবং ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব তাদের অগ্রাধিকার। জাল নথি ব্যবহার করে বা সন্দেহজনক উদ্দেশে মালয়েশিয়ায় প্রবেশের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এছাড়া বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশের আগে তাদের ভ্রমণ নথি, আবাসনের পরিকল্পনা এবং আর্থিক সংস্থানগুলো আসল এবং পর্যাপ্ত কিনা তা নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন : ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *