নিজস্ব প্রতিবেদক, খুলনা: বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে খুলনার রূপসায় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের এক বিএনপির নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের পাশে থামেন। এ সময় হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। মোটরসাইকেলে আসা ব্যক্তিদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে দুজন মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী। এ ছাড়া তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।
গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর—এই ২০ দিনে খুলনায় গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এসব গুলিতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২০ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
সব মিলিয়ে ২০ দিনে ৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৫টি ঘটেছে খুলনা নগরে, বাকি ৪টি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। আর চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি করে মোট ৭৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
একের পর এক গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের তথ্যও আসছে। তবু গুলি ও হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না।
আরো পড়ুন : ১৩ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা
