‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর হবে আগামী ১৫ই অক্টোবর

অর্থনীতি আইন-আদালত ইতিহাস-ঐতিহ্য জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি সফলতার গল্প হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ আগামী ১৫ই অক্টোবর স্বাক্ষরিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। গতকাল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ৫টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়েছে। বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক দলসমূহ থেকে প্রাপ্ত অভিমতসমূহ বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেয়া হবে।

বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

উল্লেখ্য, তিন দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। তৃতীয় দফার পঞ্চম দিনেও গণভোটের সময় নিয়ে ঐকমত্যে আসতে পারেনি দলগুলো। প্রথম দফার বৈঠকে প্রতিটি দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে কমিশন। দ্বিতীয় দফায় সবগুলো রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট সহ ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়। তৃতীয় দফার বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে কমিশন। এ বৈঠকে গণভোট আয়োজনের বিষয়ে ৩০টি রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করে। তবে গণভোট আয়োজন জাতীয় নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন হবে গণভোটÑ এই প্রশ্নে মতবিরোধ রেখেই শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক বৈঠক।

আরো পড়ুন : সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *