শ্রীলঙ্কার বিপক্ষে গোলের মালা সাজালেও আজ পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে ঠিকই জয় পেয়েছে বাংলাদেশ। তৃষ্ণা রানীর জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে সর্বশেষ ম্যাচেই ৪-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। আজকের জয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শতভাগ জয় পেয়েছেন তৃষ্ণা-স্বপ্না রানীরা। ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বাংলাদেশ। সমান ৪ ম্যাচে ৯ পয়েন্টে দুইয়ে নেপাল।
বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে আজ একাদশের নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন কোচ পিটার বাটলার।
বেঞ্চের খেলোয়াড়রা ঠিকই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। গোলটা পেতে অবশ্য বেশ অপেক্ষা করতে হয়েছে অধিনায়ক নবীরণ খাতুনের দলকে। সর্বশেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জাল খুঁজতে ১৪ মিনিটের বেশি সময় লাগেনি বাংলাদেশের। আজ ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
তবে অপেক্ষার ফল যে সুমিষ্ট হয় তার প্রমাণ দুর্দান্ত গোলটিতে পাওয়া গেছে। ডান পায়ে বক্সের ডান প্রান্ত থেকে দারুণ এক শটে ভুটানের গোলরক্ষক পেমা ইয়াংজুমকে পরাস্ত করেন তৃষ্ণা। তবে তার গোলের থেকেও পাসটা সুন্দর ছিল। মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণে থাকা তিন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে দারুণ পাসটি দেন স্বপ্না রানী।

৪২ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল ভুটান। তবে গোলবার ছেড়ে সামনে এগিয়ে আসা বাংলাদেশি গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়েও বল জালে জড়াতেন পারেননি নামসেল ওয়াংজুম। ভুটানের ফরোয়ার্ডের নেওয়া শট গোলবারের ওপর দিয়ে যায় বাইরে।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন স্বপ্না। তবে ডি বক্সের বাইরে থেকে বাংলাদেশি মিডফিল্ডারের নেওয়া শটটি সরাসরি ভুটানের গোলরক্ষকের হাতে চলে যায়। এরপরেই প্রথমার্ধের শেষের বাঁশি বাজান রেফারি। বিরতির পর বাংলাদেশের খেলার ধার যায় বেড়ে। নিয়মিত একাদশের বেশ কজনকে নামানোর ফল ধীরে ধীরে পেতে থাকেন কোচ বাটলার। যদিও ৫১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় আগে ভুটানই।
প্রায় মাঝ মাঠ থেকে নেওয়া সোনাম চোদেনের ফ্রি কিক থেকে পাওয়া বলে শটটা নিয়েছিলেন সাংগে ওয়াংমো। তবে তার নেওয়া শটটা অল্পের জন্য গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৬১ মিনিটে পেনাল্টি পেলে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে স্পটকিক নিয়ে ব্যর্থ হন স্বপ্না। শটটি মারেন গোলবারের বেশ বাইরে।
পেনাল্টি মিসের ফিরতি মিনিটেই আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মুনকির নেওয়া শটটা অল্পের জন্য বাইরে যাওয়া ব্যবধান আর দ্বিগুণ করা হয়নি। অবশ্য ৬৫ মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা। প্রতিপক্ষের রক্ষণের ভুলে বল পেয়ে মাটি কামড়ানো শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
৬৮ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি ছিলেন তৃষ্ণা। তবে গোলরক্ষক বরাবর শট নেওয়ায় তা আর হয়নি। অন্যদিকে ৭৪ মিনিটে দূরপাল্লার এক বুলেট শটে পেনাল্টি মিসের প্রায়শ্চিত করেন স্বপ্না। মাঝ মাঠের কাছাকাছি থেকে নেওয়া তার শটটা বারে লেগে গোল লাইন অতিক্রম করে। স্বপ্নার করা এমন অপূর্ব গোল সাধারণত বাংলাদেশের ফুটবলে চোখে পড়ে না।
৭৭ মিনিটে হ্যাটট্রিকের আরেকটি সুযোগ পেয়েছিল তৃষ্ণা। মুনকির বাড়ানো পাসে শট নিতে দেরি হওয়ায় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল বাইরে চলে যায়। শেষে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আরো পড়ুন : আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ
