নভেম্বরে গণভোট আর নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ১৭ দফা সুপারিশ করেছে জামায়াত

জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরের মধ্যেই গণভোট দাবি করে আর নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আরও ১৭ দফা সুপারিশ নির্বাচন কমিশন (ইসি)কে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এএনএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

তিনি বলেন, আমাদের ১৮ দফা প্রস্তাবের মধ্যে অন্যতম হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা। বর্তমানে যে জাতীয় সনদ ও সংস্কারমূলক কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে, তা নিয়ে জনগণকে জানাতে হবে। জনগণ না জেনে ভোট দিলে গণভোটের উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই নভেম্বর মাসই গণভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।

তিনি আরও বলেন, ইসি যেন সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে অবগত করে। একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে সহিংসতা বা কিছু কেন্দ্রে ভোট বন্ধের আশঙ্কা থাকে, যা গণভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের সমান সুযোগের পরিবেশ তৈরি করার ওপর জোর দিয়েছেন তারা। ইসি’র পক্ষ থেকেও এসব বিষয়ে আলোচনা হয়েছে। সিইসি ও কমিশনাররা আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন, তাদের পদক্ষেপ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন। আমরাও সহযোগিতার আশ্বাস দিয়েছি- ‘উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ড অব কো-অপারেশন’।

জামায়াত নেতা পরওয়ার আরও বলেন, একইদিনে ভোট হলে কেন্দ্রে সহিংসতা হতে পারে, দু’চারটা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে।…ভোট বন্ধ হলে গণভোটের দশাটা কী হবে? এগুলোর ব্যাপারে ওনারা কোনো নেতিবাচক কথা বলেননি। ধৈর্যের সঙ্গে শুনেছেন। মনে হচ্ছে, আমাদের কথার প্রতি ওনারা কনভিন্স হয়েছেন।

জোট করলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়ে বিএনপি’র আপত্তির বিষয়ে জামায়াত নেতা বলেন, উপদেষ্টা পরিষদে এই সংশোধন অনুমোদিত হয়েছে। এটা হওয়ার পরও আমরা দেখলাম, সম্ভবত গত ২৫ তারিখে একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এটাকে আপত্তি জানানো হয়েছে। এমনকি লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে উনারা বলেছেন যে এই সংশোধন পরিবর্তন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। এটা নিয়ে আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে। একটা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট হয়েছে।

জামায়াত নেতা আরও বলেন, আমরা চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হওয়ার চেয়ে খারাপ উদাহরণ আর কী হতে পারে? এখানে কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে। তারপর কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সঙ্গে জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট করতে পারেন? সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত, জাতির সঙ্গে জড়িত, সুষ্ঠু ভোটের সঙ্গে জড়িত, এটা ওনারা শুনেছেন। আমরা সে ব্যাপারে ঘোর আপত্তি জানিয়েছি, এটা কোনোক্রমেই সংশোধন করা যাবে না। সংশোধিত যে বিধান আছে, এর ভিত্তিতে নির্বাচন হতে হবে।

বিএনপির দাবি অনুযায়ী ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ না দেয়ার বিষয়ে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, এটা একটা ব্যাড ট্রেডিশন। এটা উচিত নয়। বিএনপির বড় বড় নেতা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান। একটা তালিকা আমরাও দিতে পারতাম।

বৈঠকে আরও অংশ নেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এইচএম হামিদুর রহমান আযাদ, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম।

আরো পড়ুন : জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *