নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে গোয়ালঘরে মানবেতর জীবনযাপন করছেন ৮০ বছরের বৃদ্ধ ময়দান আলী ও তার স্ত্রী জাহেদা বেগম। ছেলেদের পাকা বাড়ি থাকলেও বার্ধক্যে ভর করে অসুস্থ এই দম্পতির ঠাঁই হয়েছে গবাদিপশুর সঙ্গে বসবাসের জায়গা একটি গোয়ালঘরে।
ময়দান আলী গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। জীবনের অধিকাংশ সময় কৃষিকাজ করে কাটালেও এক সময় ছিলেন সম্মানিত গৃহস্থ। দুই ছেলে ও চার মেয়ে নিয়ে ছিল সুখের সংসার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতা আর প্রভাবশালী ছেলেদের চাপের মুখে জমিজমা লিখে দিতে বাধ্য হন তিনি। জমি লিখে দেওয়ার পর থেকেই শুরু হয় সন্তানদের অবহেলা।
বড় ছেলে জাহাঙ্গীর আলম (৫৭) উপজেলা ভূমি জরিপ কর্মকর্তা এবং ছোট ছেলে রবিউল করিম রবি (৫৫) মাছচাষি। দুজনেরই রয়েছে পাকা বাড়ি। অথচ তাদের মা-বাবাকে থাকতে দেওয়া হয়েছে গোয়ালঘরে। অভিযোগ রয়েছে, চার মেয়ে বাবার খোঁজ নিতে এলেও ভাইদের বিরূপ আচরণের শিকার হন।
সোমবার (৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, গোয়ালঘরের এক কোণে চৌকিতে কাতরানো ময়দান আলী, পাশে থালাবাসন, রান্নার খড়ি, গোখাদ্যসহ দুর্গন্ধে ভরা পরিবেশ। চোখের জল চেপে রেখে কষ্টের কথা বলেন তিনি, “খাবারের কষ্ট নেই, কিন্তু এখানকার অবস্থাটা আর বলার মতো না।”
জাহেদা বেগম বলেন, “জমি লিখে দেওয়ার পর মেয়েরা আর খোঁজও নিতে পারে না, ভাইরা গালমন্দ করে। ছোট ছেলে রবি ৫ শতাংশ জমি বেশি নিয়েছে, আমি সেটা ফেরত চাই।”
বড় ছেলে জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে জানান, “চাকরির কারণে মা-বাবাকে নিয়মিত দেখা সম্ভব হয় না। ছোট ভাই রবি জমির বড় অংশ নিয়েছে, তাই মা-বাবা তার সাথেই আছেন।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, “অভিভাবক রক্ষণাবেক্ষণ আইনে প্রতিটি সন্তান তাদের বাবা-মাকে দেখভাল করতে বাধ্য। ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন : চুন্নুকে বাদ দিয়ে জাপার মহাসচিব বানালেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে
