নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই। মন্ত্রী আরও বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছেন না। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তৎপরতা নিয়ে প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী আরও বলেন, ওনারা (আওয়ামী লীগ) পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছেন, উনাদের কিছু নেই। জুলাইকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বা সুযোগ নেই। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করেও দলটি সফল হবে না।
ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে দলটির নেত্রীর দেশে ফেরার গুঞ্জন কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় পরিস্থিতি অন্যদিকে নেওয়ার চেষ্টা হতে পারে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো সুবিধা হবে বলে সরকার মনে করে না। মন্ত্রী বলেন, ইস্যুটাকে ডাইভার্ট করানোর জন্য সেই গোপালগঞ্জে কোনো কারণ ছাড়াই শুধু মারামারি, পিটাপিটি করা ছাড়া আর কিছুই না। শুধু ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য।
এদিকে সভা শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যমের প্রতিনিধিদের কথা শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়াই এসব সভার উদ্দেশ্য। অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন এবং তাদের স্বীকৃতি ও সুযোগসুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। এ সময় বিভিন্ন অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : ১৭ নভেম্বর ২০২৫, আজকের দিনে হারিয়েছি আবদুল হামিদ খান ভাসানীকে, অঅর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আদালত
