শীর্ষ পাঁচজনকে বেছে নিতে ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে

প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করতে ১৩ জন নেতার নামের তালিকা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। সম্ভাব্য নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক পরিচয় ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবরও নেওয়া হয়েছে। এঁদের মধ্য থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচজনকে বেছে নেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে খোঁজ রাখেন এবং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছয়জন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁরা কেউ নতুন কমিটি কবে ঘোষণা হবে, সেটা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁদের বক্তব্যের সারকথা প্রায় একই-কমিটি কবে ঘোষণা হবে তা প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানেন না।

এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলেও নতুন নেতৃত্ব এসেছেন। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়েও তৎপরতা চলছে। কিন্তু বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। ফলে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।

বিদায়ের বার্তার পরও অপেক্ষা : রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল ২০২৪ সালের ১ মার্চ। গত ১৩ আগস্ট রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তাঁরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্য তিন শীর্ষ নেতাও।

সাক্ষাতের পর ওই রাতেই ফেসবুকে বিদায়ের ইঙ্গিত দিয়ে পোস্ট দেন সভাপতি রাকিবুল ইসলাম। সেখানে তিনি লেখেন, ‘জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলেও প্রত্যাশা জানান তিনি। পরদিন ১৪ আগস্ট সকালে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ফেসবুকে লেখেন, ‘ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন।’

এই দুই পোস্টের পর সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে দ্রুত নতুন কমিটি ঘোষণার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই ঘোষণা আর আসেনি। ফলে বিদায়ের প্রস্তুতি নেওয়া নেতাদেরই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

বর্তমান কেন্দ্রীয় কমিটির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিদায় নিয়ে এসেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু নতুন কমিটি হচ্ছে না। কী যে অপমান-অপদস্থ অবস্থার মধ্যে আছি! কেউ কথাও শুনছে না!’

নিয়মিত শিক্ষার্থী, নাকি অভিজ্ঞ নেতৃত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া আছে। আরেকটি সূত্রের ভাষ্য, শীর্ষ নেতৃত্ব বাছাইয়ের জন্য ১৩ জন নেতার বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। তাঁদের অতীত কর্মকাণ্ড, পরিবারের রাজনৈতিক পরিচয় ও বর্তমান জীবনযাপনসহ বিভিন্ন বিষয় যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। তবে ওই ১৩ জন কারা, সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

তবে নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড নিয়ে দুটি মত রয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। নীতি–নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে কমিটি গঠনের পক্ষে। তাঁদের যুক্তি, অন্য ছাত্রসংগঠনগুলোর নেতৃত্বে নিয়মিত শিক্ষার্থীরা আসছেন। ছাত্রদলেও সেই বিষয়টি গুরুত্ব পাওয়া প্রয়োজন। আবার নীতিনির্ধারণী পর্যায়ের আরেকাংশ কেন্দ্রীয় নেতৃত্বে তুলনামূলক জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের রাখার পক্ষে। এই দুই অবস্থানের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়াই কমিটি আটকে থাকার অন্যতম কারণ। তবে এ বিষয়ে কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শীর্ষ পদে সম্ভাব্য নেতা হিসেবে আলোচনায় থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নতুন কমিটি নিয়ে অন্ধকারে আছি।’ তাঁর ভাষ্য, আগে কমিটি গঠনপ্রক্রিয়ায় যাঁরা যুক্ত থাকতেন, তাঁদের কাছ থেকে কমিটি কবে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। সবাই বলছেন, বিষয়টি প্রধানমন্ত্রী ভালো জানেন।

পদপ্রত্যাশীদের দুশ্চিন্তা : কমিটি ঘোষণায় বিলম্বের পাশাপাশি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি আগে হয়ে যাওয়ার সম্ভাবনাও ছাত্রদলের পদপ্রত্যাশীদের একটি অংশকে ভাবাচ্ছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন, অতীতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর বাদ পড়া নেতাদের কাউকে কাউকে যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দলে দায়িত্ব দেওয়া হতো। এতে ছাত্ররাজনীতি শেষে তাঁদের অন্য সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ থাকত। এবার ওই দুই সংগঠনের কমিটি আগে হয়ে গেলে ছাত্রদলের নেতৃত্বে জায়গা না পাওয়া নেতাদের কোথায় যুক্ত করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

একজন পদপ্রত্যাশী নেতা জানান, অনুসারীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা ধরে রাখতে নিয়মিত একটা খরচ আছে। দীর্ঘ অপেক্ষায় সেই চাপও বাড়ছে। শেষ পর্যন্ত কমিটিতে জায়গা না পেলে অনুসারীদের কীভাবে সামাল দেবেন, তা নিয়েও দুশ্চিন্তার কথা জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা।

সাংগঠনিক কাজে অনিশ্চয়তার প্রভাব : শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বাইরেও শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃত্বের অপেক্ষা দীর্ঘ হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কাজের বদলে পদপ্রত্যাশীদের তৎপরতা কমিটিকেন্দ্রিক হয়ে পড়ার আশঙ্কা থাকে বলে ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন।

বর্তমান কমিটির শীর্ষ এক নেতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ছাত্রদলের নেতা-কর্মীদের সুস্পষ্ট নির্দেশনা ও সমন্বিতভাবে কাজ করার জন্য নেতৃত্বের অনিশ্চয়তা কাটানো প্রয়োজন।

কাল কর্মশালা, নতুন নির্দেশনা আসতে পারে: নতুন কমিটির ঘোষণা না এলেও আগামীকাল শনিবার গুলশানে বিএনপির কার্যালয়ে ছাত্রদলের নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির শীর্ষ এক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কর্মশালায় কেন্দ্রীয় কমিটির শীর্ষ কয়েকজন নেতা, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১০টি মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশ নেওয়ার কথা রয়েছে। ক্ষমতায় আসার আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি ও সেগুলোর বাস্তবায়ন সম্পর্কে তাঁদের জানানো হবে। পরে তাঁরা নিজ নিজ ক্যাম্পাস ও ইউনিটে এসব তথ্য তুলে ধরবেন।

ওই নেতা আরও জানান, কর্মশালায় প্রশিক্ষকেরা বিভিন্ন অধিবেশন পরিচালনা করবেন। মন্ত্রিসভার সদস্যদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন বলে তাঁদের জানানো হয়েছে।

ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সংশ্লিষ্ট একাধিক নেতার কাছে আনুষ্ঠানিক বক্তব্য চাওয়া হয়। তবে কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

আরো পড়ুন : ১৪ নভেম্বর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *