দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা এইচআরডিএস এর

আইন-আদালত ওকে নিউজ স্পেশাল ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ

দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা; নাগরিকদের নিরাপত্তায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান

হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ, রাজনৈতিক কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় হামলাসহ ধারাবাহিক সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষের জীবন, সম্পদ ও জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

১১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে চার দিনে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ এবং ১০টি বাসে অগ্নিসংযোগের তথ্য উঠে এসেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেওয়ার খবর প্রকাশিত হয়েছে।

এসব সহিংসতার সবচেয়ে মর্মান্তিক দিক হলো, ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসচালক মো. কালাচাঁদ (৫০) প্রাণ হারিয়েছেন। রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে একজন শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবরও অত্যন্ত উদ্বেগজনক। জনপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, রেলপথ, সড়ক ও জনসমাগমস্থলকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তাবোধকে বিপর্যস্ত করছে।

পাশাপাশি বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ও অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা, অর্থায়ন এবং অনলাইনে নির্দেশনা প্রদানের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের কথা জানানো হয়েছে। HRDS মনে করে, এসব অভিযোগের সত্যতা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে এবং অপরাধে জড়িত প্রত্যেক ব্যক্তিকে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।

HRDS দৃঢ়ভাবে বিশ্বাস করে, রাজনৈতিক মতাদর্শ, দলীয় পরিচয় কিংবা যেকোনো রাজনৈতিক কর্মসূচির আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ ও সাধারণ মানুষের জীবন বিপন্ন করার কোনো সুযোগ নেই। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আমরা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছি যে, ধারাবাহিক এসব ঘটনার পরও নাগরিকদের জানমাল রক্ষায় প্রতিরোধমূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থা আরও দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর হওয়া প্রয়োজন। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো নাগরিকের জীবন, স্বাধীনতা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। সম্ভাব্য সহিংসতার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং সংঘটিত অপরাধের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা জরুরি।

হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS) সরকারের প্রতি নিম্নোক্ত আহ্বান জানাচ্ছে:

১. বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক নিক্ষেপ, রাজনৈতিক কার্যালয় ও অন্যান্য স্থাপনায় হামলাসহ সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

২. ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিহত বাসচালক মো. কালাচাঁদের মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। নিহত ব্যক্তির পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে।

৩. জনপরিবহন, বাস টার্মিনাল, রেলস্টেশন, গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। একই সঙ্গে নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।

৪. নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থায়নকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের শনাক্ত করতে হবে। অর্থায়নের উৎস, বিস্ফোরক সরবরাহ এবং সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিষয়ে তথ্য-প্রমাণভিত্তিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও মানবাধিকারসম্মত পদ্ধতিতে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। অপরাধ দমনের নামে নির্বিচার গ্রেপ্তার, হয়রানি, নির্যাতন, গুম কিংবা বিচারবহির্ভূত কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

৬. কোনো ব্যক্তি বা সংগঠনের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন প্রয়োগ করতে হবে। নিরপরাধ নাগরিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা থেকে বিরত থাকতে হবে।

৭. নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ তথ্য প্রদান করতে হবে, যাতে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি না হয়।

৮. সহিংসতা ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা, গণতান্ত্রিক চর্চা, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি স্পষ্টভাবে মনে করে, নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো রাজনৈতিক পক্ষের বিষয় নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। একই সঙ্গে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের নীতিমালার সঙ্গে কোনো আপস করা যাবে না। অপরাধের বিচার হতে হবে নিরপেক্ষ তদন্ত, তথ্য-প্রমাণ এবং যথাযথ বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতে।

আমরা অগ্নিসংযোগ ও সহিংসতায় নিহত বাসচালক মো. কালাচাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত শিক্ষার্থী, চালক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

দেশের প্রতিটি নাগরিকের নিরাপদে চলাচল, বসবাস, মতপ্রকাশ ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে আরও কার্যকর, দৃশ্যমান ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS)।

সিফাত উল্লাহ- সাধারণ সম্পাদক

হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি

আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *