যাত্রাবাড়ী চুরির রেশ না কাটতেই মৌচাকে বোরকা পরে দোকানের তালা কেটে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

অনুসন্ধানী অর্থনীতি আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ প্রচ্ছদ শিল্প প্রতিষ্ঠান হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের এক স্বর্ণের দোকানে চুরির রেশ না কাটতেই এবার বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে  একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বোরকা পরে চোর চক্রের দু’জন সদস্য মার্কেটে প্রবেশ করে দোকানের শাটারের তালা কেটে অন্তত ৫০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কালো বোরকা পরে মুখঢাকা অবস্থায় ফরচুন শপিংমলে দু’জন প্রবেশ করে। তাদের একজনের হাতে শাবল ও আরেকজনের হাতেও বেশ কিছু সরঞ্জাম। পায়ে কোনো জুতা ছিল না। রাত ৩টা ৭ মিনিটের দিকে শপিং মলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্সের সামনে আসে। এ সময় দোকানের কলাপসিবল গেট দেখিয়ে নিজেদের মধ্যে কিছু আলোচনা করে তারা। একপর্যায়ে তারা সেখানে থাকা সিসি ক্যামেরা ভাঙার চেষ্টা করেন। এরপর করিডোরের যেদিকে আলো কিছুটা কম, সেদিকে গিয়ে কলাপসিবল গেটের তালা ও শাটারের তালা কেটে দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা সব স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে আমি ও আমার কর্মচারীরা বাসায় চলে যাই। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে মার্কেটের নিরাপত্তা কর্মীরা আমাকে ফোন করে বলেন- একটু সমস্যা হয়েছে আপনি দোকানে আসেন। এরপর আমি দোকানে এসে দেখি আমার সবকিছু শেষ। দোকানের তালা ভাঙা, দোকানে থাকা সব স্বর্ণ নিয়ে গেছে। তিনি বলেন, আমার দোকানের ডিসপ্লেতে প্রায় ৪০০ ভরি নিজস্ব স্বর্ণালঙ্কার ছিল। এছাড়াও আরও ১০০ ভরির ওপরে বন্ধকি স্বর্ণ ছিল দোকানে। আর ক্যাশে ছিল ৪০ হাজার টাকা। সব চুরি হয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনার সঙ্গে অবশ্যই মার্কেটের নিরাপত্তাকর্মীরা জড়িত। নিরাপত্তাকর্মীরা জড়িত না থাকলে এই ঘটনা ঘটা অসম্ভব। তিনি বলেন, পুলিশসহ মার্কেটের লোকেরা বলছে শপিং মলের পেছনের তৃতীয় তলায় বাথরুমের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢোকে। তারা তিনতলায় প্রবেশ করার পর পুরো মার্কেটে নাকি ঘুরে বেড়িয়েছে। তাহলে মার্কেটে এতো নিরাপত্তা কর্মী থাকলে চোরেরা কীভাবে এতো সাহস পেলো ও মার্কেটে ঘুরে বেড়ালোও কেউ দেখলো না। তাহলে এ কেমন নিরাপত্তা। কান্নাজড়িত কণ্ঠে অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, আমার পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। আমি প্রায় ২০/২৫ বছর এই ব্যবসার সঙ্গে জড়িত। তিল তিল করে সারা জীবন ধরে যা অর্জন করেছিলাম তা সব শেষ। আমি শুধু আমার স্বর্ণ উদ্ধার হোক- এটাই চাই।

বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, শপিং মলের পেছনের তৃতীয়তলার জানালার গ্রিল কাটা। তাই ধারণা করা হচ্ছে, ওখান দিয়েই চোর শপিং মলের ভেতরে ঢোকে। পরে তারা দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের ফটক ভাঙে। দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় তারা। শপিং মলের সব সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

ডিএমপি’র রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, শপিং মলের সামনে নিরাপত্তাকর্মীরা দায়িত্বরত ছিল। বুধবার রাতে মার্কেট বন্ধ করে দোকানমালিক-কর্মচারীরা বাসায় চলে যান। এরপরই গভীর রাতে চোরেরা শপিং মলের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। আমরা পুরো বিষয়টি নিয়ে কাজ করছি। সিআইডি, ডিবিসহ আরও কয়েকটি সংস্থাও মাঠে আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই এই রহস্য উদ্ঘাটন করতে পারবো।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলার ‘লিলি গোল্ড হাউজ’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। ওই রাতেও পাশের একটি দোকানের দেওয়াল ভেঙে লিলি গোল্ড হাউজে প্রবেশ করে ১২৫ ভরি স্বর্ণালংকার ও ক্যাশবাক্সে থাকা পৌনে ৩ লাখ নিয়ে যায় চোরেরা। ওই ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন দোকান মালিক জাকির হোসেন।

আরো পড়ুন : ঘুসি মেরে ভেঙ্গে চুরমার করে ফেলেন বিমানের মনিটর, যাত্রীকে বিমানবাহিনীর জিম্মায়

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *